রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কসবায় প্রশাসনের কঠোর অভিযান; জরিমানা ও সতর্কবার্তা
মো জুয়েল রানা, কসবা উপজেলা প্রতিনিধি:-পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে কসবা পুরাতন বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তিনি বাজারের কাঁচাবাজার, মাছ বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করেন। এ সময় সরাসরি সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে পণ্যের দাম যাচাই করেন তিনি।
এসময়,ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়। কিছু দোকানে পণ্যের অস্বাভাবিক দাম দেখা গেলে তা তাৎক্ষণিক কমিয়ে মূল্যতালিকা সংশোধন করার নির্দেশ দেওয়া হয়।
সাধারণ ব্যবসায়ীদেরকে নির্ধারিত লাভে পণ্য বিক্রি করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করতে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম জানান, রমজান মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে, তা নিশ্চিত করতেই এই মনিটরিং করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান মাসজুড়ে অব্যাহত থাকবে।
এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন।