
ফেসবুক পোস্টে পটুয়াখালী-৩ বাসীকে শুভেচ্ছা বার্তা-এমপি নূর
সাথী আক্তার,
বিশেষ প্রতিনিধিঃ
গলাচিপা, পটুয়াখালী
বিএনপি’র যুগোপথ আন্দোলনের অন্যতম সঙ্গী পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের নবনির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সামজিক যোগাযোগ মাধ্যমে গলাচিপা-দশমিনা বাসীকে শুভেচ্ছা জানিয়ে তার বিজয় জনগণকে উৎসর্গ করেছেন। তার এ ফেইজবুক পোস্টটি সবার নজর কেড়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার পর তার ফেইজবুকে তিনি তার মনের কথাগুলো লেখার মাধ্যমে ব্যক্ত করেছেন।
সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য।
প্রিয় গলাচিপা-দশমিনা বাসী,
আসসালামু আলাইকুম/আদাব /শুভে”ছা/ অভিনন্দন!
গতকালের এই বিজয়কে আমি আপনাদের তরে উৎসর্গ করলাম। আপনাদের অকৃত্রিম ভালোবাসাকে নত মস্তকে জানাই গভীর শ্রদ্ধা, প্রণতি। অকুন্ঠ সমর্থনের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা। একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ততার ফলে, সময় স্বল্পতার কারণে আমি সকলের কাছে পৌঁছাতে পারিনি, দোয়া-আশীর্বাদ নেয়া সম্ভব হয়নি। তবুও আপনারা প্রতিযোগী সকল সেরা প্রার্থীদের মাঝে আমার মতো অতি সাধারণ ও নগন্য একজন মানুষকে বেছে নিয়েছেন, বিজয়ী করেছেন। আপনাদের সন্তানের প্রতি যে আবেগ, অনুরাগ, আস্থা, বিশ্বাস ও সমর্থন ব্যক্ত করেছেন, তা আগামী দিনে আমাকে আরও দায়িত্বশীল, মানবিক ও ন্যায়পরায়ণ মানুষে রূপান্তরিত করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক (Tarique Rahman) এর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার অকুন্ঠ সমর্থন, দিক নির্দেশনা ও সার্বিক সহোযোগিতা আমার এই কঠিন পথকে সহজ করেছে। অন্তর্র্বতীকালীন সরকার ও প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই। জেলা প্রশাসন পটুয়াখালী, উপজেলা প্রশাসন, গলাচিপা-দশমিনাকেও ধন্যবাদ জানাই। নির্বাচনে দায়িত্বপালনকারী সকল কর্মকর্তা-কর্মচারীদেরকেও ধন্যবাদ জানাই। বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি) ও অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরীফের গুরুজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক তথা পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক ও স্বে”ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ আমাদের সর্বস্তরের কর্মী-সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন!
প্রিয় কর্মী-সমর্থকবৃন্দ, এই বিজয় আপনাদের।
এই কণ্টকাকীর্ণ যাত্রায় আপনাদেরকে যথাযথ সাপোর্ট আমরা করতে পারিনি। নিজেদের অর্থ, ঘাম বিসর্জন দিয়ে আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন, খেয়ে-না খেয়ে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রতিযোগী সকল প্রার্থীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দেশব্যাপী গলাচিপা-দশমিনা পরিচিতি পেয়েছে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই নির্বাচনে আমার মতো নিরীহ, শক্তি-সামর্থহীন মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যারা হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন, বাড়ি-ঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমার বিনীত নিবেদন, আপনারা এগুলো ভুলে যান, মনে কষ্ট রাখবেন না, অপরাধীদের ক্ষমা করে দিন, এটা আপনাদেরকে আরো মহৎ করবে। আপনাদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে আমরা শীঘ্রই কাজ শুরু করবো, ইনশাআল্লাহ।
আমার প্রিয় জনগণ,
দ্বীপ অঞ্চলের সাধারণ পরিবারের সন্তান হিসেবে, ব্যক্তিগত নানা চড়াই-উৎরাই পার হতে গিয়ে অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও অসীম স্বপ্ন নিয়ে আমি আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অবশ্যই পালনের চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমাদের উন্নয়ন কর্মযজ্ঞ হবে সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব ও টেকসই। গরীব, দুঃখী, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক সাধারণ জনতা আমাদের প্রাধান্যে অবশ্যই থাকবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ। আমি আবারও দ্ব্যর্থ কন্ঠে বলতে চাই, গলাচিপা-দশমিনা হবে, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের স্বর্গরাজ্য। এখানে কোনো ধরণের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবেনা। মাদক, চুরি, ডাকাতি, ভূমি দস্যু নির্মুলে সকলে একঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।
এখানে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরণের চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য চলবেনা। জনগণ নির্ভয়ে যারযার কর্ম করে খাবে। ভয়-ডরহীন সংস্কৃতি গড়ে উঠবে এই জনপদে। স্কুল,কলেজ, মাদ্রাসাগুলোতে যথাযথ শিক্ষা কার্যক্রম নিশিত করতে হবে, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে মানসম্মত চিকিৎসা প্রদান করতে হবে, কোনো গাফলতি চলবেনা। যে ধরণের লজিস্টিক সাপোর্ট দরকার, তা আমরা সরকারের মাধ্যমে সরবারাহের ব্যবস্থা করবো। অফিস-আদালতগুলোকে হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে হবে।
প্রিয় সংখ্যালঘু সম্প্রদায়ের মা-বাবা, মাসি-পিসি, দাদা-দিদি,
আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞ। অল্প পরিচয়ে আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, আমি অভিভূত। আপনাদের আস্থার যথাযথ প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। সর্বোপরি, নাগরিক সমাজকে বলবো, আপনাদের প্রত্যাশা পূরণে আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি। আপনারা আমাদের পাশে থাকলে পাহাড়সম বিপত্তিও অতিক্রম করতে পারবো, ইনশাআল্লাহ।-ধন্যবাদান্তে, আপনাদের ভিপি নুর।