
কসবা-আখাউড়ায় ধানের শীষের জয়: ৫১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মুশফিকুর রহমান
মো. জুয়েল রানা, কসবা প্রতিনিধি:- দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫১,৩৩৬ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান পেয়েছেন ১,৩৩,৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮২,৪৮০ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ মিনিট থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফোটার আগেই ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রথমবার ভোট দিতে আসা এক তরুণ ভোটার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। লাইনে দাঁড়িয়ে থাকলেও কোনো ক্লান্তি অনুভব করিনি।”
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে মোতায়েন ছিল সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত চার স্তরের নিরাপত্তা বলয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৪৩,৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩০,৬৪৭ জন এবং নারী ভোটার ২,১৩,২৫৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। ১৭ বছর পর এই আসনে এমন অংশগ্রহণমূলক ভোট হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।