
“ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজার নবমীতে ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নে মোটরসাইকেল মহড়া ও পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৩ নং নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খান আনিচুর রহমান পান্নু।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল ও প্রায় ৩০০ নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল মহড়া শেষে নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাটি, কাপুরকাঠি, শাখাগাছি, শতদশকাটি ও বাউকাটি এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন খান আনিচুর রহমান পান্নু।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
মোটরসাইকেল মহড়া ও পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতির খোঁজ নেওয়া এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ জোরদারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।