
শারদীয় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান সাগর। এ সময় তিনি মন্দিরগুলোতে সহযোগিতা করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই সম্প্রীতির বার্তাকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন করা মন্দিরগুলোর মধ্যে রয়েছে মীরাকাঠি, খোর্দ্দ বরাহর, খাজুরা, ভিমরুলী ও শংকরধবল মন্দিরসহ কীর্তিপাশা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ।
এ সময় মাহমুদুল হাসান সাগর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিম য় করেন এবং দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মাহমুদুল হাসান সাগর ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এলাকায় গণসংযোগ ও বিভিন্ন জনসম্পৃক্ততামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ ব্যাপারী, ৪ নম্বর ওয়ার্ড বেসাইখানের সভাপতি হায়দার মোল্লা, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান এবং ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।