
ঝালকাঠিতে দৈনিক স্বাধীন দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ রুবেলের বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৩টার দিকে জেলার নবগ্রাম এলাকার দাসের পোল সংলগ্ন তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় একটি মুঠোফোন, সোনার চেইনসহ মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় এলাকায় ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক সৈয়দ রুবেলের অভিযোগ, চোরেরা বাড়ির দেয়ালে সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান সামগ্রী নিয়ে যায়। চুরি হওয়া মুঠোফোনে তাঁর গুরুত্বপূর্ণ কিছু নথি ও তথ্য সংরক্ষিত ছিল। ফলে চুরি হওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
সৈয়দ রুবেল আরও জানান, প্রায় দুই মাস আগে একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তিনি হুমকি পেয়েছিলেন। এ বিষয়ে তিনি ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৫৮৪। পূর্বের হুমকির সঙ্গে বর্তমান চুরির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো যোগসূত্র নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, পুলিশ বিষয়টি আমলে নিয়ে জিডি করার পরামর্শ দিয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরির এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
তবে পূর্বের হুমকির সঙ্গে চুরির ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।