
বাকেরগঞ্জে পৌর উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকা প্রদান কর্মসূচি শুরু
জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জ পৌরসভার উদ্যোগে মানুষ ও প্রানীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে জলাতঙ্কে প্রতিরোধে পথ কুকুরের টিকা দান কার্যক্রম ২০২৬ শুরু হয়েছে। কুকুরের মাধ্যমে ছড়ানো জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় রাস্তার বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধে এ টিকা দান কার্যক্রম শুরু করা হয়। দুইদিন ব্যাপী আয়োজিত এ কর্মসূচি চলাকালীন সময়েই পৌর এলাকার পথ কুকুরদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। বলে আশাবাদ ব্যক্ত করেন পৌর কতৃপক্ষ।
১৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ২ টায় বাকেরগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরকে টিকা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আলাউদ্দিন মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান তালুকদার ( শাহীন), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইশা, পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহর, পৌর হিসাব রক্ষক আব্দুস সালাম সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন রাস্তার বেওয়ারিশ কুকুরের পাশাপাশি এই কার্যক্রমে গৃহপালিত কুকুরদেরও টিকা দেওয়া হবে। আপনাদের প্রয়োজনে আপনার বাড়ির পোষা কুকুরকে এই টিকা দিয়ে নিতে পারবেন।