
নিজস্ব প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি):
দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরা সড়ক দ্রুত নির্মাণ এবং চলাচলের উপযোগী করার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারণ মানুষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নলছিটি-বরিশাল সড়কের মল্লিকপুর নামক স্থানে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নলছিটি পৌর কর্তৃপক্ষ নাগরিকদের কাছ থেকে নিয়মিত বিভিন্ন ধরনের কর ও ট্যাক্স আদায় করলেও জনকল্যাণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে মল্লিকপুর-সূর্যপাশা সড়কটির দুরবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করে।
মানববন্ধনে ব্যবসায়ী মো. মনির হোসেন তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নলছিটি পৌরসভা কর্তৃপক্ষ মানুষের কাছ থেকে নানা রকম কর ও ট্যাক্স আদায় করে, কিন্তু মানুষের কল্যাণে কোনো কাজ হয় না। তাহলে এই পৌরসভা রেখে লাভ কী, এটিকে বাতিল করে দেওয়া উচিত।”
মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য ভুক্তভোগীরা জানান, প্রতিদিন এই ভাঙা ও ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। দ্রুত সড়ক নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।