
খয়রাবাদ নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ নদীর ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের সামনে ৯ নম্বর দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে বক্তব্য দেন খয়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন হাওলাদার, সদস্যসচিব মো. রমজান আকন হৃদয়, ঝালকাঠি নদী রক্ষা কমিটির পক্ষ থেকে প্রশান্ত দাস হরি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।
বক্তারা বলেন, দপদপিয়া ইউনিয়নের পূর্ব ভরতকাঠী ও পশ্চিম বীরনারায়ণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে খয়রাবাদ নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছেন। নদীভাঙন অব্যাহত থাকলে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত প্রধান সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় নতুন সড়ক নির্মাণের দাবি জানান তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।