
ঝালকাঠীর নলছিটির মোল্লারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) মোল্লারহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টা।
প্রধান অতিথির বক্তব্যে ইলেন ভুট্টা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিএনপির নেতাকর্মীদের সবসময় জনগণের পাশে থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ইলেন ভুট্টা বলেন, মোল্লারহাট ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান ঐক্য ও উদ্দীপনা দলের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল হক শহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লারহাট বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু। এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।