
ঝালকাঠিতে সরকারি জমিতে অবৈধ পাকা ভবন: উচ্ছেদের দাবি
জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের কীর্তিপাশা মৌজায় সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে স্থাপনা গড়ে তুলে দখল বজায় রাখা হয়েছে এবং সম্প্রতি সেই স্থাপনার ওপর আবারও নির্মাণকাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
কীর্তিপাশা ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, কীর্তিপাশা মৌজার এসএ ৫৪১ নম্বর খতিয়ানের ৭৭৩ নম্বর দাগের আনুমানিক ০.০০৫০ একর জমিতে অমুত্যল কুমার কর্মকারের ছেলে নিখিল কর্মকার প্রায় ১৫ বছর আগে একটি পাকা অবকাঠামো নির্মাণ করেন। সম্প্রতি ওই স্থাপনার ওপর পুনরায় নির্মাণকাজ শুরু হলে ভূমি উপ-সহকারী কর্মকর্তা তাকে কাজ বন্ধ রাখার জন্য একাধিকবার নিষেধ করেন। কিন্তু অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
ভূমি অফিসের নথি অনুযায়ী, উক্ত সম্পত্তি ১১২/৭০ নম্বর ভিপি মামলার আওতাভুক্ত। বাংলাদেশ জরিপে জমিটি ১/১ নম্বর খতিয়ানে ৭৭৩ নম্বর দাগে জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত রয়েছে।
এ বিষয়ে কীর্তিপাশা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আরিফুর রহমান সরকারি সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনার অনুরোধ জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত প্রতিবেদন দিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সরকারি জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গাটি উদ্ধার করা হোক।”
ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এখন প্রশাসন কত দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় এবং সরকারি সম্পত্তি উদ্ধার করে—সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।
হিট শিরোনাম করে দেও