
কোরবানির মাংস পৌঁছাল বরিশালের ৬০০ মানতা ও অসহায় পরিবারের ঘরে
নিজস্ব প্রতিবেদক, নলছিটি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানতা সম্প্রদায়সহ ৬০০-এর বেশি অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মুসলিম সাহায্য সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইয়ুথনেট গ্লোবালের বাস্তবায়নে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
শনিবার নলছিটি উপজেলার দপদপিয়া, বরিশাল সদর উপজেলার বেলতলা, তালতলী ও লাহারহাট এলাকার দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। অনেক পরিবার রয়েছে, যারা সারা বছর কোরবানির মাংস খাওয়ার সুযোগ পান না। তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।
মাংস পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দ ও স্বস্তির অনুভূতি দেখা যায়। স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শুধু খাদ্য সহায়তা নয়, বরং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধেরও পরিচয় বহন করে।
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, মানতা সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকা উন্নয়নে ২০১৬ সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি। ঈদ উপলক্ষে এই খাদ্য সহায়তা কর্মসূচি সেই দীর্ঘমেয়াদি প্রচেষ্টারই একটি অংশ।
আল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধি আরাফা আখতার বলেন, “সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও ঝালকাঠী এবং বরিশাল অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক সহায়তামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।