
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
ঝালকাঠীর নলছিটি উপজেলার ৫ নং সুবিদপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক/বালিকা)”।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ৩১ নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ আয়োজনে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলাধুলার মাধ্যমে তাদের মাঝে ক্রীড়াচেতনা, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নিজামুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম (দোলন)।
খেলার একতরফা ও দাপুটে পারফরম্যান্সে ৩১ নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে ৩৯ নং গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দুর্দান্ত এই জয়ের মাধ্যমে ৩১ নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে বিজয়ী দলের খেলোয়াড়দের চমৎকার সমন্বয়, আক্রমণভাগের ধারাবাহিকতা এবং রক্ষণভাগের দৃঢ়তা দর্শকদের মুগ্ধ করে।
বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়াচর্চা তাদের সুস্থ ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। এমন আয়োজন শিশুদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, টুর্নামেন্টটি আয়োজন করে ৫ নং সুবিদপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক শিক্ষা পরিবার। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।