
স্বজনহীন গৃহকর্মীর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় ৫শত মানুষকে খাওয়ালেন গৃহকর্তা
নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটির বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জনাব মাহফুজ খান সাহেবের পরিবারের দীর্ঘদিনের সদস্য, সবার কাছে মায়ের মতো স্নেহময়ী হিসেবে পরিচিত আজুফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে মাহফুজ খান সাহেব ও তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, প্রায় ৪০ বছর আগে অসহায় অবস্থায় আজুফা নলছিটিতে মাহফুজ খান সাহেবের পুরাতন বাড়িতে সাহায্যের আশায় আশ্রয় নেন। তখন তার নিজের বাড়ি কোথায়, বাবা-মা, স্বামী কিংবা সন্তান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি তিনি। তার অসহায়ত্ব দেখে মাহফুজ খান সাহেবের মা তাকে নিজের কাছেই রেখে দেন এবং পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেন।
স্বভাবতই তিনি ছিলেন নীরব ও স্বল্পভাষী। সবসময় নিজেকে পরিচ্ছন্ন রাখতেন এবং বাড়ির সবার প্রতি আন্তরিক ছিলেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন পরিবারের অবিচ্ছেদ্য অংশ- একজন কর্মচারী নয়, বরং আপনজন।
মৃত্যুর আগে মাহফুজ খানের মা ছেলেকে বলে গিয়েছিলেন, “আজুফাকে তোর সাথেই রাখিস।” সেই কথার মর্যাদা রেখে মাহফুজ খান সাহেব দীর্ঘদিন তাকে মায়ের মতো স্নেহ ও যত্নে আগলে রেখেছিলেন।
তার মৃত্যুতে পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত। আজুফার আত্মার মাগফিরাত কামনায় তার কূলখানি উপলক্ষে আজ জুম্মাবাদ মাহফুজ খান সাহেব প্রায় ৫০০ জন মানুষকে দাওয়াত করে (মল্লিকপুরে নিজ বাড়িতে) খাবারের আয়োজন করেন এবং দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয়রা জানান, রক্তের সম্পর্ক না থাকলেও মানবিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন আজুফা; ভালোবাসা আর আশ্রয়ের এই গল্প নলছিটির মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।