
কসবায় জ্বালানি তেলের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা
মো জুয়েল রানা, কসবা উপজেলা প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) উপজেলার কুটি চৌমুহনী, বায়েক চৌমুহনী ও নোয়াগাঁও মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, বায়েক চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনার সময় ফুল মিয়া মেম্বারের দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫,০০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অন্যদিকে, নোয়াগাঁও মোড় এলাকায় তদারকি করার সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির দায়ে শাহ আলম (৬২) নামের এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযান চলাকালে কর্মকর্তারা মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনসহ বিভিন্ন জ্বালানি তেলের দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করে কেউ যেন জ্বালানি তেলের অতিরিক্ত দাম না রাখতে পারে, সেজন্য এই তদারকি শুরু হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।