
অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি পেল জাকিয়া কবির, ভবিষ্যতে হতে চায় ডাক্তার
মো জুয়েল রানা, নিজস্ব প্রতিবেদক:– অষ্টম শ্রেণীর মেধা তালিকায় সাধারণ গ্রেডে সরকারি বৃত্তি পেয়ে সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে মেধাবী শিক্ষার্থী জাকিয়া কবির। তার এই সাফল্যে পরিবার ও এলাকায় বইছে আনন্দের জোয়ার। জাকিয়া ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে আর্তমানবতার সেবা করতে চায়।
জাকিয়া কবির কসবা উপজেলার বিনাউটি ইউপি’র ব্রাহ্মণগ্রাম- মজলিশপুর বাজারের ফার্মাসিস্ট হুমায়ূন কবির ও রুনা আক্তার দম্পতির চার সন্তানের মধ্যে তৃতীয়। পরিবারের বড় ছেলে আরাফাত কবির বর্তমানে ইঞ্জিনিয়ারিং শেষ করে সহকারী গবেষক হিসেবে কর্মরত রয়েছেন এবং ছোট ছেলে ফরহাদ কবীরও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত। মেধাবী এই পরিবারের প্রতিটি সন্তানই তাদের নিজ নিজ ক্ষেত্রে মেধার পরিচয় দিয়ে আসছে।ছোটবেলা থেকেই জাকিয়ার স্বপ্ন বড় হয়ে সাদা অ্যাপ্রন পরে মানুষের সেবা করা।
তার বাবা হুমায়ূন কবির জানান, জাকিয়া অত্যন্ত পরিশ্রমী এবং তার পড়াশোনার প্রতি গভীর একাগ্রতা রয়েছে। তিনি বলেন,আমার মেয়ের স্বপ্ন সে ভবিষ্যতে ডাক্তার হবে। আমি তার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই, যেন সে সুস্থ থেকে তার এই মহৎ লক্ষ্য পূরণ করতে পারে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।”
জাকিয়া এই সাফল্যের জন্য তার শিক্ষক ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে জানায়, এই বৃত্তি তাকে ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে। বর্তমানে সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি তার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিবেশীরা জাকিয়ার এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।