
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. মোঃ তানভীর আহমেদ খান। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা ভাগাভাগি করেন।
‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই অসাম্প্রদায়িক ও সুদৃঢ় সম্প্রীতির বার্তাকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে তাদের মাঝে আনন্দের অংশীদার হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে এ্যাড. তানভীর আহমেদ খান বলেন, “বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। এখানে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই বন্ধনকে যেকোনো মূল্যে অটুট রাখতে হবে।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ ও বিভিন্ন জনসম্পৃক্ততামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্থানীয় সাধারণ মানুষের মতে, সুখে-দুঃখে তিনি সবসময়ই মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রুস্তম আলী খান, সোবহান মোল্লা, শাহাদাৎ মাঝী, বেলায়েত হোসেন মোল্লা, বারেক হাওলাদার , মহসিন মোল্লা, কামরুল মোল্লা, সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।