ঝালকাঠির বিনয়কাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টায় ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন শাখার উদ্যোগে শের-ই-বাংলা ডিগ্রি কলেজে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
ইউনিয়ন জামায়াতের আমির ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সমাজসেবক শেখ নেয়ামুল করিম এবং বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী।
শিক্ষা শিবিরে বক্তব্য দেন ঝালকাঠি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ও বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনিরুজ্জামান তালুকদার এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা কাওসার হামিদী।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফখরুদ্দিন খান রাজি কর্মীদের নৈতিক, সাংগঠনিক ও আদর্শিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পবিত্র কোরআনের সূরা যুমারের ৯ নম্বর আয়াতের আলোকে জ্ঞান অর্জন ও তার যথাযথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় সূরা আশ-শুরার ১৩ নম্বর আয়াতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে পারস্পরিক ঐক্য, আদর্শিক দৃঢ়তা ও নৈতিক শুদ্ধতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা জামায়াতের কর্মীরা অংশ নেন। এতে পবিত্র কোরআন ও হাদিস অধ্যয়ন, সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কাজ এবং সমসাময়িক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।