
মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সুগন্ধা নদীর নলছিটি পৌর এলাকার অনুরাগ নামক স্থানে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়েছে। নদীর তীরে থাকা ইটের স্তূপে সজোরে উঠে গিয়ে বোটটি এই দুর্ঘটনার মুখে পড়ে।
এ ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু, স্পিডবোট চালক, আনসার সদস্য এবং কয়েকজন ভলান্টিয়ারসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
জানা গেছে, ইলিশ শিকার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রশাসন নদীপথে টহল দিচ্ছিল। পথিমধ্যে সুগন্ধা নদীর অনুরাগ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি তীরের ইটের স্তূপে উঠে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে যান।