গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ৬ প্রার্থীর তালিকা
ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠি সদর উপজেলার ১ নম্বর গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে ছয়জনের নামের তালিকা করা হয়েছে। দলীয়ভাবে যাচাই-বাছাই শেষে এই ছয়জনের মধ্য থেকে একজনকে চূড়ান্ত সমর্থন দেওয়ার কথা জানানো হয়েছে।
৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে শাহমাহমুদিয়া কলেজের হলরুমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় আলোচনা শেষে প্রাথমিকভাবে এ তালিকা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল আমিন জামাল শিকদার।
প্রাথমিক তালিকায় রয়েছেন—ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল আমিন জামাল শিকদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ছায়েম হাসান কালাম এবং জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এজাজ হাসান বলেন, দল যাকে চূড়ান্তভাবে সমর্থন দেবে, দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সাংগঠনিক সভায় পাওয়া ছয়জনের নাম যাচাই-বাছাই করে একজনকে চূড়ান্তভাবে সমর্থন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।