নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
মাদারীপুরের রাজৈর উপজেলায় এনজিও থেকে ঋণ (লোন) তুলতে গিয়ে এক এনজিও কর্মীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে দুই সন্তান ও নগদ টাকা-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ইতালি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এর আগেও ওই নারী বিভিন্ন উপায়ে আরও প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী।
সর্বস্ব হারিয়ে ও সন্তানদের নিয়ে বিপাকে পড়ে বর্তমানে পাগলপ্রায় অবস্থা ওই প্রবাসীর। কান্নায় ভেঙে পড়ে তিনি আইনি সহায়তার জন্য রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামে।
অভিযুক্ত নারীর নাম শ্যামলী বেগম (৩০)। তিনি রাজৈর উপজেলার শাখারপাড় লুন্দি গ্রামের ইতালি প্রবাসী রফিকুল শেখের স্ত্রী এবং আপেল শিকদারের মেয়ে।
অপরদিকে পরকীয়া প্রেমিক অভিযুক্ত এনজিও কর্মী ইমরান খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের ফরিদ খানের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ:
প্রবাসী রফিকুল শেখ অভিযোগ করে জানান, জীবিকার তাগিদে তিনি সুদূর ইতালিতে প্রবাস জীবন কাটাচ্ছেন। দেশে থাকা অবস্থায় তার স্ত্রী শ্যামলী বেগম স্থানীয় একটি এনজিও থেকে লোন তুলতে যান। এ সময় ওই এনজিওতে কর্মরত কর্মী ইমরান খানের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ধীরে ধীরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।
পরবর্তীতে সেই পরকীয়ার টানে প্রবাসীর স্ত্রী শ্যামলী বেগম প্রেমিক ইমরানের সাথে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি সাথে করে তাদের দুই সন্তান, ব্যাংক থেকে লোন ও জমানো নগদ ৪০ লাখ টাকা এবং ঘরের মূল্যবান স্বর্ণালংকার নিয়ে গেছেন। এর আগেও বিভিন্ন অজুহাতে ওই নারী তার স্বামীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রবাসীর পরিবার ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সহায়-সম্পদ ও স্ত্রী-সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে পড়া প্রবাসী রফিকুল শেখ ও তার পরিবার এর সঠিক বিচার দাবি করেছেন।
আইনি পদক্ষেপ:
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বা প্রবাসী রফিকুল শেখের পক্ষ থেকে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।