
অটোচালকদের নিয়ে ঝালকাঠিতে ট্রাফিক বিভাগের সচেতনতামূলক কর্মশালা
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঝালকাঠিতে অটোচালকদের নিয়ে ট্রাফিক প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে ট্রাফিক বিভাগ চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অটোচালকদের সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে নির্ধারিত স্থানে গাড়ি থামানো, বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে যানবাহন না চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে চালকদের সচেতন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মো. মেহেদী হাসান। সঞ্চালনা করেন ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাজহারুল ইসলাম।
এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, অটো শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলম ফকির, সাধারণ সম্পাদক ইউনুস হোসেনসহ অটোচালকরা উপস্থিত ছিলেন।