নলছিটিতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
মোঃ রাশেদ খান আল আমিন:
বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়ন এবং পরিবেশ সংরক্ষণে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে ঝালকাঠির নলছিটিতে ‘পল্লী সবুজায়ন কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পল্লী সঞ্চয় ব্যাংক নলছিটি শাখা-৩০০৩-এর আয়োজনে শাখার সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার কুন্ডু, পল্লী সঞ্চয় ব্যাংক নলছিটি শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন এবং দ্বিতীয় কর্মকর্তা (সাধারণ) মো. শামীম হোসেন খান।
পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির আওতায় সারাদেশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় গ্রাহকদের মধ্যে চারা বিতরণের পাশাপাশি তাঁদের নিজ উদ্যোগে আরও গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।