
নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি):
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধী কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। নিজ নিজ বাড়ির আশপাশের ঝোপঝাড় ও ড্রেন-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সকলকে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক (বাস টার্মিনাল হয়ে) প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।