নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল মহানগরীতে দাম্পত্য কলহের জেরে নাসিমা বেগম নামের এক নারীর বিরুদ্ধে স্বামী নুরুজ্জামান হাওলাদারকে (৫৫) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির আহসান হাবিবের ভাড়া বাসা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত নুরুজ্জামান হাওলাদার বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মূলন্দী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। কর্মের সূত্রে তিনি সপরিবারে ইছাকাঠীর ওই ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে নুরুজ্জামান ও তার স্ত্রী নাসিমা বেগমের মধ্যে বিরোধ ও দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জেরে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময়ে নাসিমা বেগম তার স্বামীকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনি বাসার বাইরে থেকে তালা লাগিয়ে আত্মগোপন করেন।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাসার তালা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পলাতক স্ত্রীকে আটকের পাশাপাশি পুরো ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।