রাসূল (সা.)-এর ৬৩ বছরের জীবনই মানবজাতির মুক্তির একমাত্র দিশারি’-- এ্যাড, মোঃ মিজানুর রহমান মুবিন
ঝালকাঠি সংবাদদাতা:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৬৩ বছরের পবিত্র জীবনকে মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ উল্লেখ করে বক্তারা বলেছেন, তাঁর প্রদর্শিত পথ ও জীবনাদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায় এবং পরম কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। ইহকাল ও পরকালের প্রকৃত সফলতা অর্জনে মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ও প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক আলোচক ও খতিব মাওলানা ইয়াসিন হোসাইন আবুল এসব কথা বলেন।
ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে ‘সিরাতুন্নবী’-র তাত্পর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। সিরাত শব্দের অর্থ জীবনেতিহাস, আর সিরাতুন্নবী বলতে মহানবীর পুরো পবিত্র জীবনকে বোঝায়। তাঁর আদর্শ বুকে ধারণ করে জীবনযাপন করতে পারলেই ইহ ও পরকালের চরম সাফল্য লাভ করা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম খান ও বিন-ই আমীন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেজাউল হাসান মুন্না, ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসান, নির্বাহী সদস্য মো. নাদিম শরিফ, মো. মনির হোসেন জয়, সৈয়দ রুবেল, সদস্য মিঠুন চক্রবর্তী, মো. মাহাবুব সৈকত সহ ক্লাবের সদস্যগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা পর্ব শেষে মহানবী (সা.)-এর ওপর দুরুদ ও সালাম পেশ করা হয়। পরবর্তীতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।