ঝালকাঠি: ‘নির্বাচন মানেই লক্ষ লক্ষ টাকার খেলা’—এই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে ঝালকাঠি ৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে লড়ছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি মো. ইমাম হোসেন অনু। সততা, যোগ্যতা ও জনসেবার ব্রত নিয়ে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট চেয়ে মাঠে নেমেছেন।
একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে ইমাম হোসেন অনু বলেন, "আমি বিশ্বাস করি, আমার এলাকার প্রতিটি নাগরিক সচেতন। তারা ভালো করেই জানেন, বিপদে-আপদে কে তাদের পাশে থাকেন এবং কে প্রকৃত সেবক। শূন্য পকেট থাকলেও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং বুকভরা সাহস নিয়ে আমি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।"
তিনি আরও বলেন, "নির্বাচন করা মানে কোনো ব্যবসায়িক বিনিয়োগ নয়, বরং এটি মানুষের সেবা করার একটি সুযোগ। আমি বয়স নয়, বরং কাজে পরিচয় দিতে চাই। সততা ও পরিশ্রমে বিশ্বাসী তরুণরাই পারে একটি আধুনিক ও মানবিক ওয়ার্ড গড়ে তুলতে।"
আগামী বাসন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডবাসীর উদ্দেশে এই ইউপি সদস্য প্রার্থী বলেন, "আপনাদের একটি মূল্যবান ভোট কেবল একজন প্রার্থীকে জয়ী করবে না, এটি একটি নতুন প্রজন্মের স্বপ্ন ও পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে। আসুন, দলমত নির্বিশেষে উন্নয়ন, সততা ও সেবার পক্ষে ঐক্যবদ্ধ হই।"
ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, সাধারণ মানুষের দোয়াই তার সবচেয়ে বড় শক্তি। তারুণ্যের শক্তিতে ৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।