
নলছিটিতে জমি বেদখলের অভিযোগ: আইনি নোটিশের পর জমি পুনঃদখলে প্রকৃত মালিক
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোদন্দা এলাকায় কয়েক বছর ধরে বেদখল থাকা ১০৮ শতাংশ জমি আইনি পদক্ষেপের মাধ্যমে পুনঃদখলে নিয়েছেন প্রকৃত মালিক।
জানা গেছে, এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু হানিফ (৫৫) কয়েক বছর আগে তার ক্রয়কৃত ১০৮ শতাংশ জমি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কারণে হারাতে বসেছিলেন। ভুক্তভোগীর অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত স্থানীয় রাসেল মোল্লা রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন দিঘি ও জমি জবরদখল করে রেখেছিল।
পরবর্তীতে ভুক্তভোগী আবু হানিফ ন্যায়বিচারের স্বার্থে ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১০৭/১১৭(গ) ধারায় মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত রাসেল মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে সমন জারি করেন এবং কেন তাদের বিরুদ্ধে শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা কারণ দর্শানোর নির্দেশ দেন।

আইনি নোটিশ জারি ও রাজনৈতিক পটপরিবর্তনসহ সার্বিক পরিস্থিতিতে জবরদখলকারী চক্রটি পিছু হটতে বাধ্য হয়। এর পর ভুক্তভোগী পরিবার তাদের জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দীর্ঘ কয়েক বছর পর জমি ও দিঘির ভোগদখল পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেন।
ভুক্তভোগী আবু হানিফ জানান, “ক্ষমতার দাপট দেখিয়ে ক্যাডার রাসেল মোল্লা অন্যায়ভাবে আমার সম্পত্তি দখল করে রেখেছিল। আদালতের শরণাপন্ন হওয়ায় এবং আইনি পদক্ষেপের কারণে আজ আমি আমার জমি ফেরত পেয়েছি।”
ঘটনাটিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী পরিবারসহ এলাকার সচেতন মহল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে স্থায়ী আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।