
ঝালকাঠিতে শতভাগ ফেল: গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসার ১৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:
ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসার চলতি বছরের দাখিল পরীক্ষায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। এই মাদ্রাসার কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটিতে শতভাগ ফেল করার লজ্জাজনক রেকর্ড হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর ওই মাদ্রাসা থেকে মোট ১৩ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাদের একজনও পাস করতে পারেনি। ফলাফলের এই ধস ও শতভাগ অকৃতকার্য হওয়ার খবরে এলাকায় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
স্থানীয় শিক্ষা সচেতন ব্যক্তিরা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফল অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষক ও পরিচালনা পর্ষদের চরম অবহেলা এবং দুর্বল পাঠদানের কারণেই মূলত এই বিপর্যয় নেমে এসেছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট মাদ্রাসার সুপার ও পরিচালনা পর্ষদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দ্রুত এই বিপর্যয়ের কারণ উদঘাটন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।