
ঝালকাঠির কীর্তিপাশায় সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সড়কটি বেহাল, ঠিকাদারের অনিয়মে চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:
ঝালকাঠি সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘মিরাকাঠী সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়’-এ যাতায়াতের প্রধান সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণে সড়কটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, অত্র এলাকার অন্যতম পুরোনো ও স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়া আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দৈনন্দিন চলাচলের জন্য এই সড়কটি ব্যবহার করেন। আগে এই সড়কে ইট বিছানো (সোলিং) থাকলেও বর্তমানে রাস্তাটির করুণ দশা বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটিতে পূর্বে সোলিং থাকলেও সম্প্রতি রাস্তা সংস্কারকাজের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোনো সরকারি ইটগুলো তুলে নিয়ে চলে যায়। এর ফলে রাস্তাটি আরও বেশি ভেঙে পড়ে এবং এলাকাবাসী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। সামান্য বৃষ্টিতেই রাস্তায় বড় বড় গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যার ফলে প্রতিদিন স্কুলগামী কোমলমতি শিশুদের আসা-যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা থাকে। বর্ষাকালে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। ইজিবাইক, রিকশা বা ভ্যানচালকরাও এই সড়কে যেতে চান না, ফলে জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে নেওয়া বা ভারী মালামাল পরিবহন করাও অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, রাস্তাটি সংস্কারের নামে এই ধরনের অনিয়মের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি পুনরায় নির্মাণ ও সোলিং বা কার্পেটিংয়ের মাধ্যমে চলাচলের উপযোগী করার জন্য ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন