
বরিশাল প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন ‘International Congress of Mathematicians (ICM)-2026’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস। গত ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
’ICM 2026′ সম্মেলনে বিশ্বের ৭৮টি দেশের গণিতবিদ, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন। এই আয়োজনে মোট ৩ হাজার ৭৪২ জন নিবন্ধনকারীর মধ্যে ৩ হাজার ১৭০ জন গবেষক সশরীরে অংশ নেন।
সম্মেলনে অংশগ্রহণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. হেনা রানী বিশ্বাস সম্মানজনক ‘ICM-2026 Travel Support Program Award’ অর্জন করেন। এই অ্যাওয়ার্ডের আর্থিক সহায়তার আওতায় বাংলাদেশ থেকে ফিলাডেলফিয়ায় যাতায়াতের বিমান ভাড়া, কনফারেন্স রেজিস্ট্রেশন ফি, আবাসন, স্থানীয় খাবার ও পরিবহন এবং হোটেল-সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ‘World Meeting for Women in Mathematics (WM²)’ শীর্ষক বিশেষ আয়োজন, যেখানে ড. হেনা রানী তাঁর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এই ইভেন্টে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট গণিতবিদ ও গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের আন্তর্জাতিক অর্জনে আনন্দ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “গণিতের আন্তর্জাতিক একটি কনফারেন্সে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক—এটি বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ড. হেনা রানীর এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পুরো বাংলাদেশের জন্যই এক বিরাট গৌরবের।”