
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ের কার্যক্রম। প্রাথমিক শিক্ষা, বরিশাল বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৯ জুন) এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বরিশাল বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মিজ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জ
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়ক হবে।”
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার প্রসার, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এমন উদ্যোগ আগামী দিনে শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।