
নিজস্ব প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি):
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ মে) ঐতিহ্যবাহী তিমিরকাটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
উত্তেজনাপূর্ণ এই প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ‘ঢাকাস্থ দপদপিয়া সমিতি’ বনাম ‘লিজেন্ড অফ দপদপিয়া’। খেলার শুরু থেকেই দু’দলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও মাঠের একক আধিপত্য বজায় রাখে লিজেন্ড অফ দপদপিয়া। চমৎকার পাসিং ও দুর্দান্ত ফরোয়ার্ড লাইনের নৈপুণ্যে শেষ পর্যন্ত ঢাকাস্থ দপদপিয়া সমিতিকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘লিজেন্ড অফ দপদপিয়া’।
খেলাটি উপভোগ করতে তিমিরকাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ভিড় জমান স্থানীয় কয়েকশত ফুটবলপ্রেমী দর্শক। করতালির মাধ্যমে তারা খেলোয়াড়দের উৎসাহিত করেন। এলাকার তরুণ ও প্রবীণদের এমন মেলবন্ধনে পুরো মাঠ জুড়ে এক আনন্দঘন উৎসবের আমেজ তৈরি হয়।
খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকল আয়োজক, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করা দর্শকদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।