সুবিদপুর ইউনিয়নে ঝড়ে গাছ পড়ে বসতঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি
স্টাফ রিপোর্টার
ঝালকাঠির নলছিটি উপজেলার ৫ নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ঝড় ও বৈরী আবহাওয়ার মধ্যে একটি বড় গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে বসতঘরের টিন, বেড়া ও ঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছটি তারা বিক্রি করেছিলেন। তবে মৃত গোসাই চন্দ্রের স্ত্রী সবিতা রানী ও তার ছেলে বিষ্ণু চন্দ্র দাস গাছ কাটতে বাধা দেওয়ায় সেটি অপসারণ করা সম্ভব হয়নি। পরে ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার সময় গাছটি ভেঙে ঘরের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভুক্তভোগী চন্দন দাস বলেন,
“গাছটি অনেক আগ থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আমরা গাছ কাটার চেষ্টা করলেও বাধা দেওয়া হয়েছে। আজ গাছ পড়ে আমার ঘরের অনেক ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। যে জমি নিয়ে আদালতে মামলা চলছে, আমার এই জমি সেই দাগেরও নয়।”
অপরদিকে অভিযুক্ত সবিতা রানী বলেন,
“তাদের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন আছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিরোধের দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।