
অটো রিকশার ধাক্কায় কসবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর; বাবার আহাজারিতে ভারী হাসপাতাল
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় আয়ান নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বুগির রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়ান স্থানীয় সহকারী শিক্ষক আবু ছুফিয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বুগির রাস্তায় একটি দ্রুতগামী অটোরিকশা আয়ানকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই শিশুটি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পরেই আয়ানকে মৃত ঘোষণা করেন।
আয়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েন পিতা আবু ছুফিয়ান। হাসপাতালের মেঝেতে বসে তাঁর গগনবিদারী আর্তনাদে উপস্থিত রোগী ও স্বজনদের চোখেও পানি চলে আসে। “আমার ছেলেকে একবার ফেরত দাও” —বাবার এমন বুকফাটা চিৎকারে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কসবার বিভিন্ন সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকরা বেপরোয়া গতিতে অটোরিকশা চালাচ্ছে। ট্রাফিক আইন না মানা এবং প্রশাসনের তদারকির অভাবে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ঘাতক অটোরিকশা ও চালককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।