কসবা পুলিশের মাদকবিরোধী বড় অভিযান: ৩৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো জুয়েল রানা , কসবা উপজেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে কসবা থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন আরও দুইজন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টায় কসবা থানার এসআই মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পাকা রাস্তার ওপর থেকে মো. আব্দুল্লাহ আল ফয়সাল (৩০) নামে এক যুবককে ১৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা এলাকার বাসিন্দা।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় এসআই মো. শামীম ভূইয়ার নেতৃত্বে কুটি ইউনিয়নের হায়দারনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত ওয়াসিম মিয়া ও হুরন মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া, দিনের তৃতীয় অভিযানটি পরিচালিত হয় দুপুর আড়াইটায় কসবা পৌরসভা এলাকায়। এসআই মো. ফারুক হোসেনের নেতৃত্বে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে টিআলী বাড়ি মোড় থেকে কুটি চৌমুহনীগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পকনগর (বুধিয়া পাড়া) এলাকার সাইদুর রহমান সাইদু (৪৫) এবং একই এলাকার মো. হেলাল উদ্দিন (৪০)।
কসবা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের মূলোৎপাটনে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।