আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
মো জুয়েল রানা,কসবা(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া পৌরসভার লালবাজার রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় ডাকাত দলের আরও ১০-১২ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হানিফ (২৭), পিতা মৃত নাসির; ইয়াছিন (২৫), পিতা জাসু মিয়া; মো. অপু (২৬), পিতা খোকন মিয়া এবং মো. সৈকত (২২), পিতা গোলাপ মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে আখাউড়া থানার এসআই সুমন কান্তি দে-র নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে ছিল। দলটি লালবাজার রেলক্রসিং এলাকার পাকা সড়কে পৌঁছালে একদল ব্যক্তিকে সন্দেহজনকভাবে জড়ো হতে দেখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবারই তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।