পটুয়াখালী-৩ আসনে ট্রাক মার্কার পক্ষে নুরুল হক নূরের নির্বাচনি সভা অনুষ্ঠিত।
সাথী আক্তার, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরের নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর হাইস্কুল মাঠে এ নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসু’র সাবেক ভিপি জনাব মোঃ নুরুল হক (নূর)।
নির্বাচনি সভায় নুরুল হক নূর বলেন, “দেশের জনগণ আজ পরিবর্তন চায়। দুর্নীতি, দুঃশাসন ও ভোটাধিকার হরণের রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “গলাচিপা-দশমিনার মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আহ্বান জানাই।”
তিনি জনগণের ভোটাধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, তরুণ সমাজের কর্মসংস্থান এবং উপকূলীয় এলাকার টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
সভায় স্থানীয় নেতাকর্মী, গণঅধিকার পরিষদ ও বিএনপি সমর্থিত বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে ট্রাক মার্কার পক্ষে ব্যাপক জনসমর্থনের আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।